এইমাত্র পাওয়া

তিন হাজার কনস্টেবল পদের জন্য ৩ লাখ ৩৮ হাজার আবেদন

তদ্বির করে কেউ সুবিধা পাবে না- এমন কৌশলেই নিয়োগ করা হবে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)। যারা মেধাবী, যারা সত্যিকার অর্থেই যোগ্য- তারাই উতরে যাবেন। তারাই চাকরি পাবেন। তদ্বির কিংবা টাকা পয়সার খেলা চলবে না এবার। নিয়োগ নীতি যেভাবে তৈরি করা হয়েছে তাতে চাকরি প্রার্থীদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। যে কারণে ব্যাপক সাড়া পড়েছে এই নিয়োগে।

রবিবার পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, এবার নিয়োগ হতে যাচ্ছে তিন হাজার কনস্টেবল। কিন্তু তাতে সাড়া দিয়েছেন তিন লাখ ৩৮ হাজাার ৫৩৪ জন। সেই হিসাবে প্রতি পদের জন্য ১১২ জন আবেদন করেছেন। তবে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের জন্য টিকেছেন মাত্র এক লাখ ১৭ হাজার ৬৮ জন।

জানা গেছে, দেশের ৬৪ জেলায় গত ১০ সেপ্টেম্বর তিন হাজার শূন্য পদের বিপরীতে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। এবার কনস্টেবল পদে আবেদনের পূর্বশর্ত ছিল ন্যূনতম এসএসসি পাস ও বয়স হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। ৩ লাখ ৩৮ হাজার আবেদনের পরিপ্রেক্ষিতে যাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স ঠিকঠাক ছিল তাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬৮ জনকে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে বাছাই করা হয়েছে। তারা পরবর্তী ধাপে শারীরিক মাপ ও ফিজিক্যাল এ্যান্ডুরেন্স টেস্টে অংশ নেবেন। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ পরীক্ষার জন্য শুধু অনলাইনে আবেদন করা যাবে। সব প্রার্থীকে মাস্ক পরে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হতে হবে। জনসমাগম এড়ানোর লক্ষ্যে অভিভাবকদের পুলিশ লাইন্স মাঠে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে প্রার্থীকে মাঠে প্রবেশ করতে দেয়া হবে না। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.