নিজস্ব প্রতিনিধি।।
দিনাজপুর সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগকে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, মো. রবিউল ইসলাম সোহাগ আজ বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ইসমাইল হোসেনের আদালতে হাজির হন। আদালত শুনানি শেষে তাকে দিনাজপুর কারাগারে পাঠানোর আদেশ দেন।
দিনাজপুর আদালতের পরিদর্শক মনিরুজ্জামান জানান, পুলিশ সোহাগকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
এর আগে, ২০২০ সালের ৮ অক্টোবর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী সেতুমন্ত্রী ও আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করার অভিযোগে ডিএসএ’র ২২/২৩/২৪/২৯/৩১(২)/৩৫ ধারায় সোহাগের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। দিনাজপুর সদর থানায় মামলাটির নং-১৫।
এই মামলায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন দিনাজপুর সদর থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান।
এই মামলায় রবিউল ইসলাম সোহাগ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিন্তু জামিনের শর্ত ছিল চার্জশিট জমা না দেওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন। চার্জশিট দাখিলের পর আজ মামলার শুনানি ছিল। রবিউল ইসলাম সোহাগ শুনানির জন্যে আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠান।
মো. রবিউল ইসলাম সোহাগ গত বছরের উপনির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
