বৃহস্পতিবার পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ পেলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক।।

ঢাকা শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে। গত ২৫ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন শেষ হওয়ার কথা থাকলেও আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন বাদপড়া শিক্ষার্থীরা।

আর এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ খ্রিষ্টাব্দে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধন এবং আগের নিবন্ধনকৃতি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংশোধনের সময়সীমা ৭ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়া সম্ভব হবে না। তবে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সমাপনী পরীক্ষায় অংশ নিতে হবে। এ শিক্ষার্থীরা সনদ পাবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.