জাবির হল খুলছে ১১ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলবে আগামী ১১ অক্টোবর। তবে ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘নূন্যতম এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আলাদা করে কোয়ারিন্টিন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করে তোলা হবে।’

এর আগে ৫ অক্টোবরের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন। অন্যথায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে বলে জানান নেতারা।

শনিবার দুপুরে পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানান ছাত্র নেতারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.