এইমাত্র পাওয়া

মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেছেন হাইকোর্ট। জাতীয় শোক দিবসে সরকারি ছুটির দিনে একটি প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি করে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে আগামী ২৯ সেপ্টেম্বর তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী মো. হুমায়ুন কবির বলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার

গোহাইল শালিখা দাখিল মাদ্রাসার সভাপতি মনোনয়নসহ চার সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৫ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিস্ট্রারের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

গত ১৬ সেপ্টেম্বর ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক প্রজ্ঞাপন জারির প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানিতে আদালত প্রশ্ন তোলেন, শোক দিবসে কীভাবে প্রজ্ঞাপন জারি করলেন। শুনানি শেষে আদালত মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.