তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

নিউজ ডেস্ক।।

নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা নেই। এ বিষয়ে আগেই প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছিলেন। নতুন শিক্ষাক্রমে সেটা চূড়ান্ত করে আবার প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছে।’

এ ছাড়া ২০২৩ সাল থেকে জেএসসি ও পিইসি পরীক্ষা থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের ওপর। এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ওপর। এইচএসসির নাম ও গ্রেডিং পদ্ধতিতেও পরিবর্তন হতে পারে।’

ডা. দীপু মনি বলেন, ‘পিইসি পাবলিক পরীক্ষা না। এই পরীক্ষা অন্য সমাপনী পরীক্ষার মতোই হবে।’ নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান-মানবিক ও বাণিজ্য কোনো বিভাগ থাকবে না। দশম শ্রেণি পর্যন্ত সবাইকে ১০টি বিষয়ের সব পড়তে হবে। মাদরাসা ও কারিগরির ক্ষেত্রে তাদের নির্দিষ্ট বিষয়সহ পড়তে হবে।’ ২০২৫ সালের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক সব শ্রেণির ক্ষেত্রে এই রূপরেখা বাস্তবায়নের কথা জানান শিক্ষামন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.