নিউজ ডেস্ক।।
করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে সংক্ষিপ্ত সিলেবাসে আগামী নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, স্কুলের বার্ষিক পরীক্ষাগুলোও হবে। সশরীরে ক্লাস হলেও ওয়ার্কশিট (অ্যাসাইনমেন্ট) চলমান থাকবে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (৮ সেপ্টেম্বর) উপলক্ষে গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ দেড় বছর পর আগামী রবিবার থেকে স্কুল-কলেজ খুলছে। এ বছর ও আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ছয় দিন স্কুলে আসবে। বাকিরা শুরুতে সপ্তাহে এক দিন স্কুলে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বিশ্লেষণ করে যদি ছয়টি বিষয়ে নিতে পারি তাহলে নেব। আমাদের রিকভারি পরিকল্পনা করা আছে। আমরা আগে স্কুলগুলো খুলে দিই। দেখি কী হয় না হয়।’
স্কুলগুলো খোলার প্রস্তুতির ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা স্কুলে স্লিপের টাকা দিই, সেই টাকা দিয়ে সুরক্ষা উপকরণ কিনতে বলেছি। এরই মধ্যে এ ব্যাপারে নির্দেশ দিয়ে দিয়েছি।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম জানতে বিভিন্ন সময়ে যোগাযোগের চেষ্টা করলেও সচিব গোলাম মো. হাসিবুল আলমকে কোনো মাধ্যমেই পাওয়া যায় না বলে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন সাংবাদিকরা। এমনকি কর্মকর্তারাও সচিবের আচরণের কারণে এই মন্ত্রণালয়ে চাকরি করতে চান না। এরই মধ্যে তদবির করে ১৪ কর্মকর্তা বদলি হয়ে গেছেন বলে জানান সাংবাদিকরা।
সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার সচিব কাজ করেন নিরবচ্ছিন্নভাবে। আমার সচিব খারাপ নন, এটা কেউ বললে আমি মানব না। মন্ত্রণালয়ের বদলি হয়ে যাওয়া ওই কর্মকর্তারা সচিবের কারণে যাননি। অনেক কর্মকর্তা আছেন, তাঁরা নিজেরাই বদলি হয়ে গেছেন।’
সচিবের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘এর আগে আমি আমার মন্ত্রণালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাই নাই, আমি এবার পাইছি।’ তবে সচিব গোলাম মো. হাসিবুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও কোনো কথা বলেননি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২০ সালের তথ্যানুযায়ী জানানো হয়, দেশে এখন সাক্ষরতার হার ৭৫.৬ শতাংশ। বর্তমান সরকারের নানামুখী কর্মসূচির মাধ্যমে সাক্ষরতার হার উত্তরোত্তর বাড়ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
