৫৪৫ দিন পর চিরচেনা রুপে ফিরছেন শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক।।

৫৪৫ দিন পর আগামী ১২ সেপ্টেম্বর খুলতে পারে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুরুতে একসঙ্গে সব শ্রেণির ক্লাস হবে না। ধাপে ধাপে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে।

শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রথমে হয়তো চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী যারা এবং আগামী বছরের পরীক্ষার্থী- তারা প্রতিদিনই ক্লাস করবে। বাকি শ্রেণির ক্লাস হয়তো শুরুতে সপ্তাহে এক দিন করে হবে।

এরপর পরিস্থিতি বুঝে ধীরে ধীরে বৃদ্ধি করা হবে। এছাড়া একইসঙ্গে অনলাইন ও টেলিভিশনের ক্লাস চলমান থাকবে। তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না।

সম্প্রতি সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন। এরপরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে জোরেশোরে প্রস্তুতি নেয়া শুরু হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.