নিউজ ডেস্ক।।
করোনার কারণে এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের ১৪তম অধিবেশন বসছে বুধবার বিকেল ৫টায়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। এবারের অধিবেশন চলবে মাত্র ৪ কার্যদিবস। তবে এবারও সংসদে প্রবেশের অনুমতি পাচ্ছেন না সাংবাদিকরা।
বুধবার অধিবেশন শুরু হয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পর্যন্ত ৪ কার্যদিবস চলে শেষ হয়ে যাবে। এর মধ্যে প্রথম দিন বিকেল ৫টায়, দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১১টায়, তৃতীয় দিন শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় এবং শেষ দিন শনিবার সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে।
সংসদ কর্মকর্তারা জানিয়েছেন, করোনা পরীক্ষা করে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিবেশনে যেতে হয়। অধিবেশনের কার্যদিবসের মধ্যে বিরতি রাখলে কেউ সংক্রমিত হতে পারেন। এজন্য শুক্রবারও অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে।
এবারের অধিবেশনের শুরুতে ৫ জন সভাপতিমণ্ডলী সদস্যদের নাম ঘোষণা করা হবে। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন।
এর আগে জাতীয় সংসদের সর্বশেষ ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২জুন শুরু হয়ে গত ৩ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হয়। মোট ১২ কার্যদিবসের ওই অধিবেশনে সম্পূরক বাজেটসহ মূল বাজেটের উপর মোট ১৫ ঘন্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। এর ওপর আলোচনায় অংশ নেন ৮৫ জন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য। বাজেট পাসসহ সেই অধিবেশনে ৭টি সরকারি বিল পাস হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
