মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক।।

ভোলার লালমোহনের দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ে নীতিমালা অমান্য করে নিয়োগ ও সরকারি অর্থ আত্মসাত করায় অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ২২ আগস্ট ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন মো. নিরব নামে স্থানীয় এক ব্যক্তি।

মামলায় ওই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাবেক সভাপতি মো. শফিউল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য সচিব মো. আবি আবদুল্যাহ, বর্তমান প্রধান শিক্ষকের পিতা ও সাবেক প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি ও দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিব শংকর দেবনাথ এবং প্রধান শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য ও দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানকে আসামি করা হয়।

জানা গেছে, ওই বিদ্যালয়ে পরস্পর যোগসাজশে নিয়োগ নীতিমালা অমান্য করে প্রধান শিক্ষক নিয়োগ ও সনাতন ধর্মীয় শিক্ষার্থীবিহীন প্রতিষ্ঠানে সনাতন ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে।

এদিকে মামলার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও দক্ষিণ লালমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.