এইমাত্র পাওয়া

১৯ সেপ্টেম্বর মানববন্ধন ও অবস্থান কর্মসূচিঃ শউভাবাক

আজ এমপিওভুক্ত ১৩ টি শিক্ষক সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ( বামাশিকফো) এর সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এর সঞ্চালনায় এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।

সভায় এমপিওভুক্ত শিক্ষকদেরকে গত ঈদ- উল- আযহায় শতভাগ উৎসব ভাতা থেকে বঞ্চিত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। সভায় দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির জোর দাবি জানানো হয়। সভায় দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারিসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের সর্বস্মমত সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে, মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি লেবেলের একজন শিক্ষক উৎসব ভাতা পায় মাত্র ৩১২৫ টাকা। একজন শিক্ষকের পক্ষে এত অল্প টাকা দিয়ে পরিবার নিয়ে কোনভাবেই ঈদ উৎসব পালন করা সম্ভব নয়। শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে।

শতভাগ উৎসব ভাতার দাবিতে পরিবারের সাথে ঈদ উদযাপনের আনন্দ বিসর্জন দিয়ে গত ঈদ- উল- ফিতরের নামায জাতীয় প্রেসক্লাবে আদায় করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি। নেতৃবৃন্দ শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের উপদেষ্টা ও বাংলাদেশে শিক্ষক-কর্মচারী জাতীয়করণ মঞ্চের সভাপতি আফজালুর রশিদ যুগ্ম-আহবায়কদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি, আবুল বাশার নাদিম, মহাসচিব, বাংলাদেশ শিক্ষক- কর্মচারী জাতীয়করণ মঞ্চ, রাকিবুল হাসান রাসেল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদ, মোঃ আবুল বাশার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ, মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, মোঃ সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি, মোহাম্মদ মতিউর রহমান দুলাল যুগ্ম মহাসচিব, বাবেশিকফো , মোঃ মামুনুর রশিদ, যুগ্ম মহাসচিব, বাবেশিকফোসহ শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.