নিউজ ডেস্ক।।
সরকার এখন পর্যন্ত সারাদেশে তিন লাখ তিন হাজার ৩১৯ জন শিক্ষক-কর্মচারীকে টিকা দিতে সক্ষম হয়েছে। যা প্রাথমিকের মোট শিক্ষক ও কর্মচারীর শতকরা ৮৩ দশমিক ৭২ শতাংশ।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, সারাদেশে প্রাথমিকের তিন লাখ ৬৫ হাজার ৮৮৩ শিক্ষক-কর্মচারী কর্মরত। এর মধ্যে ২০ আগস্ট পর্যন্ত টিকা নিয়েছেন তিন লাখ তিন হাজার ৩১৯ জন।
ডিপিইর তথ্য ব্যবস্থাপনা বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, এখনও টিকার বাইরে আছেন ৬২ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে অনেকেই নারী শিক্ষক। তাদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা, বুকের দুধ পান করাচ্ছেন এমন বা জটিল রোগে আক্রান্ত কিংবা কিংবা নিবন্ধন করেও টিকা নেওয়ার তারিখ পাননি। তবে যারা এখনও বাকি রয়েছেন, তারা দ্রুত সময়ের মধ্যে টিকা নিতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষকের টিকা নিশ্চিত করা হবে। এ কারণে সবাইকে বাধ্যতামূলক টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকের প্রায় সবারই টিকা নেওয়া শেষ। যারা এখনও নিতে পারেননি, তাদের নানা সমস্যা রয়েছে।
এর আগে গত ২৮ জুলাই প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে ১১ আগস্টের মধ্যে করোনার টিকা নেওয়ার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, সব পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, উপজেলা ও থানা রিসোর্স সেন্টারকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) শিক্ষা অফিসার শরীফ উল ইসলাম বলেন, আমাদের জানা মতে, বেশিরভাগ শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন। যারা এখনও নেননি তারা নানা জটিল রোগে আক্রান্ত, অনেকেই অন্তঃসত্ত্বা। তবে যারা এখনও টিকা পাননি তারা দ্রুত সময়ের মধ্যে পাবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
