অনলাইন ডেস্ক।।
প্রত্যাশা: সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিল করবেন প্রধানমন্ত্রী : ড. অনুপম সেন
সিআরবিতে হাসপাতাল নির্মাণ করতে এলে আমাদের লাশের উপর কাজ করতে হবে : সুজন
আমরা হাসপাতাল চাই। কিন্তু তা কিছুতেই সিআরবিতে নয় : হাসিনা মহিউদ্দিন
সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে চার লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাবে নাগরিক সমাজ। নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত ‘সিআরবি থেকে হাসপাতাল প্রকল্প অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি’র উদ্বোধনকালে সংগঠনটির সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন এ তথ্য জানান। গতকাল সিআরবির সাত রাস্তার মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রফেসর ড. অনুপম সেন বলেন, শতবর্ষী বৃক্ষরাজি, পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যম-িত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোনভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না। এ চট্টগ্রাম মাস্টার দা সূর্যসেনের চট্টগ্রাম। বঙ্গবন্ধু বাঙালির মুক্তির সনদ ছয় দফা প্রথম ঘোষণা করেছিলেন এ চট্টগ্রামে। চট্টগ্রামবাসী কোনো অন্যায় সিদ্ধান্ত মেনে নেবে না।
তিনি বলেন, আজ সিআরবির প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা রাজপথে নেমেছি। আমজনতা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা অন্তত চার লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। তিনি নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন। যে নেত্রী বিশ্ব পরিবেশ রক্ষার জন্য সংগ্রাম করে চলেছেন, তিনি চট্টগ্রামের সিআরবির প্রকৃতি বিনষ্টকারী হাসপাতাল নির্মাণের প্রকল্প অবশ্যই বাতিল করবেন।
নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘আঁরা চট্টগ্রামত থাকি, সিআরবিরে ভালোবাসি। আঁরা হাসপাতালর নামে সিআরবিত হন দোয়ান গইড়তু দিতাম ন।’
তিনি বলেন, যেদিন হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করতে আসবে- সেদিন আমাদের লাশের উপর দিয়ে তাদের কাজ করতে হবে। আমরা জীবন দেবো। কিন্তু এই সিআরবিকে কোনো বেনিয়া গোষ্ঠীর কাছে ভাড়া দিতে দেবো না।
মহানগর আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, আমরা হাসপাতাল চাই। কিন্তু যেখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করে, আমরা একটু নিঃশ্বাস ফেলার জন্য ছুটে আসি, সেখানে কিছুতেই হাসপাতাল চাই না। প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল নির্মাণের এ প্রকল্প বাতিল করবেন বলেই আমাদের বিশ্বাস।
প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস বলেন, সিআরবি রক্ষায় যে প্লাবন শুরু হয়েছে তাকে জনস্রোতে পরিণত করতে হবে। আন্দোলনের স্ফুলিঙ্গ চারদিকে ছড়িয়ে দিতে হবে।
প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, রেলের জায়গা বলে কোন জায়গা নেই। সব জায়গা জনগণের সম্পত্তি। চাইলেই রেল এ জায়গা দিয়ে দিতে পারে না।
একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার বলেন, আমরা দেখেছি আউটার স্টেডিয়ামসহ আশপাশের সব জায়গা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখন হেরিটেজ খ্যাত সিআরবি ধ্বংসের পাঁয়তারা চলছে। এটা একটা বিদ্বেষমূলক কাজ হচ্ছে। এ দুঃসাহস তারা কোথায় পায়- তা আজ চট্টগ্রামবাসী জানতে চায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মনজুরুল আলম বলেন, আমরা মনে করি, চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্যই সিআরবিকে ধ্বংস করার পাঁয়তারা করছে একটি মহল। ডিসি হিল ধ্বংস করার পর তাই তারা সিআরবির দিকে হাত বাড়িয়েছে।
কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি এহসান হায়দার চৌধুরী বাবুল, মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী, জাসদ মহানগর সভাপতি বেলায়েত হোসেন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান, সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম মঞ্জু, মহানগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, অপরাজেয় বাংলার কর্ণধার এনায়েতউল্লাহ খান, প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, প্রকৌশলী হারুনর রশীদ, যুবনেতা দেবাশীষ পাল দেবু প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
