বাংলাদেশেই করোনার টিকা উৎপাদনে চুক্তি সই হয়েছে। তবে কো-প্রোডাকশনে যেতে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের আরও মাস তিনেক সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে চীনের সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে তিন পক্ষের চুক্তি হয়েছে। চীন থেকে বাল্ক ভ্যাকসিন আসবে, এখানে উৎপাদন করবে। এখানে টিকা ফিল ফিনিশ করবে ইনসেপ্টা, এই চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই ইনসেপ্টা বাংলাদেশে টিকা তৈরি করতে পারবে।
তিনি বলেন, ইনসেপ্টার অনেক সক্ষমতা। যদি ১০ ডোজের ভায়াল হয়, তারা চার কোটি ডোজ মাসে তৈরি করতে পারবে। আর যদি ভায়াল ছোট হয় তাহলে আরও কম হবে।
তিনি আরও বলেন, আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম কবে নাগাদ উৎপাদন করতে পারবে। আমাদের জানিয়েছেন মাস তিনেকের মধ্যে করতে পারবেন। কারণ, ইনসেপ্টার প্রস্তুতির বিষয় আছে। চীন থেকে বাল্ক আনতে হবে, সব মিলিয়ে এ সময় লাগতে পারে। তার আগেও হতে পারে কিংবা একটু বেশি সময় লাগতে পারে।
টিকার মূল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, দামের বিষয় এখনও নির্ধারণ করা হয়নি। যখন উৎপাদনে যাবে তখন আলোচনা করে একটা দাম নির্ধারণ করা হবে। বাইরে থেকে আনতে যে দাম প্রয়োজন হয়, তার থেকে অবশ্যই কম পড়বে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
