নিউজ ডেস্ক।।
ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়ে রাশেদুজ্জামান নামে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। কেন তিনি আত্মহত্যা করতে চান সে ব্যাপারে সোমবার সন্ধ্যায় নিখোঁজ যুবক তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে উল্লেখ করেন তার আত্মহত্যার জন্য সেলিনা নামে এক নারী ও তার ভাই দায়ী থাকবে। নিখোঁজ যুবকের পরিবার সারারাত খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে।
নিখোঁজ যুবক হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী বেপারীবাড়ির মো. হুমায়ন আহমেদের ছেলে মো. রাশেদুজ্জামান (২৫)। তিনি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।
রাশেদুজ্জামান তার ফেসবুকের স্ট্যাটাসটিতে উল্লেখ করেন- মানুষ কেন সুন্দর জীবন থাকতে আত্মহত্যার পথ বেঁচে নেয়। আজ নিজ থেকে শিক্ষা নিলাম। আমরা হয়তো আত্মহত্যাকারীর বাহির দেখে বলি, সে আত্মহত্যা করল! কিন্তু ভিতরটা কেউ দেখে না। নিখোঁজ যুবক রাশেদুজ্জামান তার স্ট্যাটাসের নিচের অংশে লেখেন- এই পৃথিবী আমার মতো নিঃস্বার্থ রাশেদের নয়। এই পৃথিবী তাদের মতো মিথ্যাবাদী, প্রতারক, ঠকবাজদের জন্য। প্রতিটি মুহূর্তে নিজের কাছে নিজেকে ঘৃণিত মনে হচ্ছে, সবাই ভালো থাকুন। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার মৃত্যুর জন্য এই ছেলে (স্ট্যাটাসে একটি যুবকের ছবি দেওয়া আছে) এবং তার বোন সেলিনা দায়ী থাকবে।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
এদিকে নিখোঁজ রাশেদুজ্জামানের বন্ধু আল ফোরকান সংবাদ মাধ্যমকে জানান, রাশেদ সোমবার সন্ধ্যা থেকেই নিখোঁজ রয়েছে। রাতে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেখতে পাই। স্ট্যাটাসে সে আত্মহত্যা করবে এবং কি কারণে আত্মহত্যা করবে তাও লিখেছেন। আমরা সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু এখনো রাশেদের কোনও সন্ধান পাওয়া যায়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
