নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা সর্বশেষ গত ২৬ জুন কঠোর লকডাউনের ঘোষণা হওয়ায় চতুর্থবারের মতো স্থগিত করা হয়। তবে এবার আর স্থগিত না করে আগামী ৮ আগস্টই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না।
পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী। তিনি বলেন, ৮ আগস্টেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো পরিবর্তন আনা হয়নি। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কিভাবে পরীক্ষা গ্রহণ করা যায় তা নিয়ে নীতিমালা তৈরি করছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিতে পূর্ণ পদক্ষেপ নিবো।
এর আগে চতুর্থবারের মতো এমবিবিএস ফাইনালের এই পরীক্ষা স্থগিত হওয়ায় রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা। সেখানে তারা জুলাই মাসের মধ্যেই স্থগিত পরীক্ষায় বসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তবে করোনা প্রকোপে সেটি সম্ভব না হলেও এবার পরীক্ষায় বসছে মেডিকেল ফাইনাল পরীক্ষার্থীরা।
মূলত মেডিসিন অনুষদ থেকেই অধিভুক্ত মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করা হয়। গত ১৭ জুলাই পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। পরীক্ষার রুটিন অনুযায়ী, আগামী ৮ আগস্ট শুরু হবে এমবিবিএস প্রফেশনালদের ফাইনাল পরীক্ষা, যা চলবে ১৭ আগস্ট পর্যন্ত। তিনটি বিষয়ের মোট ৬টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের উপর এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসাথে আগামী ২১ আগস্ট ওএসপিই (OSPE) পরীক্ষা এবং ৩১ আগস্ট মৌখিত ও প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেডিসিন অনুষদ সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা তাদের নিজেদের ক্যাম্পাসেই পরীক্ষায় বসবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
