অনলাইন নিবন্ধন ছাড়াই গ্রামে টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

বয়স্কদের অগ্রাধিকার দিয়ে গ্রামে অনলাইন নিবন্ধন ছাড়াই করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২৪ জুলাই) বিকেলে এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় এ কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। প্রয়োজনে পরে সেসব নাম অনলাইনে নিবন্ধন করে নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার করোনা মোকাবিলায় আগামী সপ্তাহ থেকে ভারত থেকে প্রতি সপ্তাহে ২০০ টন তরল অক্সিজেন আমদানি শুরু করতে যাচ্ছে। কেনা হচ্ছে ৪৩টি অক্সিজেন জেনারেটর। সামনের মাসে টিকার মজুত হবে ১ কোটি ২০ লাখ। আরও ২১ কোটি টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ৩ কোটি চীন, ৩ কোটি অ্যাস্ট্রাজেনেকা, ৭ কোটি মডার্না, ১ কোটি রাশিয়া এবং ৭ কোটি টিকা দেবে জনসন অ্যান্ড জনসন।

‘কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন-সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যাসংখ্যা বৃদ্ধি’ শীর্ষক এই ভার্চ্যুয়াল সভা আয়োজন করে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। এতে সভাপতিত্ব করেন বিপিএমসিএর সভাপতি এম এ মুবিন খান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.