নিউজ ডেস্ক।।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে শিথিল হলেও সামাজিক অনুষ্ঠান ও জনসমাবেশ করা যাবে না। বন্ধ থাকবে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।
বুধবার এক তথ্যবিবরণীতে মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ঈদ উদযাপনে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল করা হলেও এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।
১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত পূর্বের আরোপিত বিধি-নিষেধ শিথিল করা থাকলেও কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করার কথা বলা হয়েছে।
এর আগের দিন মঙ্গলবার এক আদেশে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছিল, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত শিথিল থাকবে। তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ থাকবে। তখন অন্যান্য বিষয়ের পাশাপাশি সব শিল্পকারখানাও বন্ধ থাকবে। চলমান বিধিনিষেধে শিল্পকারখানা খোলা রয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে সারা দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ বুধবার রাত ১২টায় শেষ হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও ঈদ ঘিরে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেয় সরকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
