এইমাত্র পাওয়া

অনিশ্চিত শতভাগ উৎসব ভাতা, হতাশ এমপিওভুক্ত শিক্ষকরা

মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শতভাগ উৎসব ভাতার দাবি জাতীয় সংসদে উত্থাপনের পরও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় হতাশ হয়েছেন দেশের পাঁচ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষকরা। পূর্ণাঙ্গ উৎসব ভাতা এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের দীর্ঘ দিনের দাবি। এ দাবির প্রতি সমর্থন জানিয়ে ৬ জন মাননীয় সাংসদ মহান জাতীয় সংসদে তাদের বক্তব্য রেখেছেন।
এর আগে বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের ( বামাশিকফো ) আহ্বানে দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ১৩ টি সংগঠনের সমন্বয়ে “শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জনাব জসিম উদ্দীন আহমদকে আহ্বায়ক এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি জনাব দেলোয়ার হোসেন আজিজীকে সদস্য সচিব করা হয়। এক যৌথ বিবৃতিতে তারা ঈদ উল ফিতরে শতভাগ বোনাস না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ঈদ উল আযহা হতে শতভাগ বোনাস প্রদানের জোর দাবি জানান।
পরবর্তীতে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি প্রায় অর্ধশতাধিক মাননীয় মন্ত্রী ও এমপিদের শতভাগ উৎসব ভাতার দাবিতে স্মারক লিপি প্রদান করেন। তার ই ধারাবাহিকতায় ৬ জন সম্মানিত সংসদ সদস্য বেসরকারি শিক্ষকদের শতভাগ বোনাসের দাবি সহ অন্যান্য দাবিগুলো মহান সংসদে তুলে ধরেন।
প্রসঙ্গত উল্লেখ্যঃ আজ থেকে প্রায় দেড় যুগ আগে চারদলীয় জোট সরকারের আমলে বেসরকারি শিক্ষকদেরকে ২৫% ও কর্মচারীদের ৫০% হারে বোনাস দেয়া হয়। সে অবস্থা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন দ্বিগুণের চেয়েও বেশি বৃদ্ধি করে দেন। সরকারি কর্মচারীদের ন্যায় ২০% বৈশাখী ভাতা ও বার্ষিক ৫% প্রবৃদ্ধিও দেন। কিন্তু দুঃখের বিষয় বছরে মাত্র দুটি বোনাস, তার কোনো পরিবর্তন আজও হয়নি।
সামনে পবিত্র ঈদ উল আযহা। বাকি মাত্র ১৬ দিন। এখন পর্যন্ত শতভাগ উৎসব ভাতার বিষয়ে সরকার মহলে কেনো আলোচনা হয়নি। ফলে অনিশ্চিত হয়ে গেছে শতভাগ উৎসব ভাতা পাওয়ার বিষয়টি। এমপিওভুক্ত শিক্ষকরা মনে করেন, বছরে মাত্র দুটি বোনাস শতভাগ করে দিতে বাড়তি আর কয়টি টাকা ই বা লাগে। বিষয়টি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এসেছে তাই এই মুহুর্তে শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ কূটনৈতিক তৎপরতা চালু রাখলে আসন্ন ঈদ উল আযহাতে ই শতভাগ উৎসব ভাতা পাওয়া সম্ভব।

লেখক-
মুহাম্মাদ জসিম উদ্দীন
যুগ্ন মহাসচিব,
বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.