নিউজ ডেস্ক।।
যশোরে কঠোর বিধিনিষেধ দিয়েও করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। যশোরে এক দিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে।২৪ ঘণ্টায় ৯৫১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ শতাংশ। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের ঘটনা। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৮৭ জনের। মারা গেছেন ১২৯ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৮ জন। শনিবার যশোর জেলা সিভিল সার্জন সূত্রে বিষয়টি জানা যায়।
যশোর সিভিল সার্জন ও জেনারেল হাসপাতাল কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় যশোর যবিপ্রবি ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৫১ জনের নমুনা পিসিআর ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার সংক্রমণের হার ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গে ৫ জন ও করোনা ওয়ার্ডে ২ জন মারা গেছেন।
যশোরে বর্তমানে তিন হাজার ৫৮৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে করোনা ডেডিকেটেড যশোর জেনারেল হাসপাতালে মাত্র ৭৯ জন ও অন্যরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫২ জন। প্রতিদিনই হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। শয্যা বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ জানিয়েছেন, হাসপাতালে করোনা রোগী ভর্তির চাপ কমেনি। গত ১০ দিন ধরে একই অবস্থা। প্রতিদিনই হাসপাতালের করোনা রেড ও ইয়েলো জোনে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হচ্ছেন। রোগীর চাপ কমার কোনো লক্ষণ দেখছি না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
