সরকারি চাকরি পেতেও লাগবে ডোপ টেস্ট

অনলাইন ডেস্ক।।

 সরকারি চাকরি পেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন।  ডোপ টেস্টে যদি পজিটিভ হয়, তবে সে সরকারি চাকরি পাবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরি পেতে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আনার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরিরতদেরও ডোপ টেস্টের আওতায় আনছি। বিশেষ করে আমাদের নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। ডোপ টেস্টে ফল পজিটিভ এলেই অ্যাকশন নিচ্ছি।

ভার্চুয়ালি যুক্ত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক একটি সামগ্রিক নেশায় পরিণত হয়েছে। আমরা ২০৩০ ও ২০৪১ সালের যে রূপকল্প করছি মাদক নিয়ন্ত্রণ করা না গেলে তা বাস্তবায়ন হবে না। এই ভয়ংকর নেশা থেকে বাঁচানোর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কাজ করে যাচ্ছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ঢেলে সাজিয়েছি। আগে যেখানে ৩/৪টি জেলা নিয়ে ছোট্ট একটি নিয়ন্ত্রণ অধিদফতরের অফিস থাকত, এখন সেখানে প্রত্যেকটি জেলায় অফিস রয়েছে। আমরা লোকবলও বাড়িয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনও আমরা ঢেলে সাজিয়েছি।

তিনি বলেন, মাদকের বিস্তৃতি রোধে এবং যুব সমাজ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নতুন প্রজন্মের মেধাকে আমরা কাজে লাগাতে পারি সেজন্য মাদক নিয়ন্ত্রণ অধিদফতর মোরাল এজেন্সি হিসেবে কাজ করছে, পাশাপাশি আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.