এইমাত্র পাওয়া

গত ২৪ ঘন্টায় করোনায় ২য় সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। যা দেশে করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৯৭৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও পাঁচ হাজার ৮৬৯ জন আক্রান্ত হয়েছে। দেশে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশে মোট ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন করোনা থেকে সুস্থ হলো।

শুক্রবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫৪টি ল্যাবে ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ২৪৭টি। নমুনা শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১০৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৩৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে নয় হাজার ৯৯৫ জন ও নারী তিন হাজার ৯৮১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৫ জন ও ষাটোর্ধ্ব ৫৮ জন রয়েছেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৭২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৭১৬ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ১৫ হাজার ৫৬০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৭ লাখ ৫১ হাজার ৩১১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৫৪ লাখ ৪ হাজার ৫৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৩৫৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৮২ হাজার ১৬৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৩৭৩ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮১ লাখ ৭০ হাজার ৭৭৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার ২৪০ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৬২ হাজার ৩২২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ৮৬২ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৮৭ হাজার ৫৪৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৯ হাজার ৩৫৮ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইতালি নবম ও কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.