নিউজ ডেস্ক।।
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার রাতে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। আহত কুমারখালী মাহমুদীয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক রুহুল আমীন (৪৫) কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারী এলাকার মৃত মোসলেম আলী শেখের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রুহুল আমীনের স্বজনরা জানান, গত ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কমদতলা ইউনিয়নের ৫ নং ওয়াডের্র পরাজিত ইউপি সদস্য ইমাম হোসেন সমর্থক ছিলেন রুহুল আমীন। নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য রিয়াজুল ইসলাম উজ্জ্বলের সমর্থক কবির মোল্লা ও তার ছেলে মাসুম মোল্লা লোকজন নিয়ে রাতে খানাকুনিয়ারী এলাকায় রুহুল আমীনের ওপরে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে রাতেই খুলনায় পাঠানো হয়।
দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি কেটে গেছে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, গুরুতর মাথায় আঘাত নিয়ে রুহুল আমীনকে হাসপাতালে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
