কারাবন্দি শিক্ষার্থীদের পরীক্ষা নিতে ঢাবি প্রশাসনকে অনুরোধ

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কারাবন্দি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাদের অভিভাবকরা। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অভিভাবকরা।

পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের বাবা হাফেজ আলমগীর হোসেন, সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল ইসলাম মোল্লা এবং মা হাসিনা বেগম। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা।

সংবাদ সম্মেলনে অভিভাবকরা ঢাবি প্রশাসনের উদ্দেশে বলেন, আমাদের ছেলেরা একেকজন দেশের একেকটি অঞ্চল থেকে উঠে এসে এ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এই পরিবারহীন শহরে তাদের প্রাতিষ্ঠানিক অভিভাবক আপনারাই। তাদের জামিন আবেদন করা হলেও নিম্ন আদালত তা মঞ্জুর করেননি। করোনা পরিস্থিতির কারণে উচ্চ আদালতের শরণাপন্ন হতেও বেশ বেগ পেতে হচ্ছে।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা শুরু হয়েছে। আগামী মাসেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সন্তানরা তাদের চূড়ান্ত পরীক্ষায় কারাগার থেকে হলেও অংশগ্রহণ করতে চায়। মিথ্যা মামলার কারণে তারা শিক্ষাজীবনে পিছিয়ে পড়তে চায় না।

কারাবন্দি শিক্ষার্থীরা হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বিন ইয়ামিন মোল্লা, আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আখতার হোসেন ও সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.