কলেজ তহবিল থেকে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক।।

জাতীয়করণ হওয়া যেসব কলেজের শিক্ষক-কর্মচারীরা রাজস্বভুক্ত হননি (ননএমপিও) তাদের কলেজের স্থায়ী-অস্থায়ী তহবিল থেকে বেসিক হারে বেতন-ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চার শর্তে এসব কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৯ মে) মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় দেখা গেছে, চলমান কোভিড পরিস্থিতি অব্যাহত থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীদের কাছে টিউশন ফি আদায় করা যাচ্ছে না বিধায়, নতুন সরকারি হওয়া কলেজগুলোর ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

এ পরিপ্রেক্ষিতে শর্তানুসারে নতুন সরকারি কলেজগুলোতে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার সুবিধার্থে সাধারণ তহবিল ব্যবহার ও প্রয়োজনে এফডিআর নগদায়নের নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে।

শর্তের মধ্যে রয়েছেঃ

১. সরকারি হওয়া কলেজগুলোর সাধারণ তহবিল থেকে এ বাবদ অর্থ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি সাধারণ তহবিলে অর্থ সংকুলান না হয় তবেই কেবল স্থায়ী তহবিল থেকে অর্থ তোলা যাবে।

২. যেসব ননএমপিও শিক্ষক-কর্মচারীরা বর্তমানে কলেজ থেকে তহবিল স্বল্পতার কারণে বেতন পাচ্ছেন না, তাদেরকে বিগত ২০২০ সালের এপ্রিল থেকে নভেম্বর মোট ছয় মাসের শুধু মূল বেতন দেওয়ার জন্য এ অর্থ ব্যবহার করা যাবে।

৩. নিয়োগ নিষেধাজ্ঞা জারির অনতিপূর্বে গৃহীত কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হবে।

৪. প্রাপ্যতার অধিক অর্থ উত্তোলন করা হলে সেক্ষেত্রে ভবিষ্যতে শিক্ষক-কর্মচারীদের চূড়ান্ত সরকারিকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রদত্ত অর্থ সমন্বয় করতে হবে। এজন্য কলেজ কর্তৃপক্ষকে একটি লিখিত আন্ডারটেকিং প্রদান করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.