রাজধানীতে এক পশলা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীতে আজ ভোররাতে হালকা ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি দেশের বেশ কয়েকটি অঞ্চলেও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কি.মি. গতিতে রাজধানীতে ভোর সাড়ে ৪টার দিকে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়।

আবহাওয়াবিদ বলেন, সোমবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। রংপুর থেকে ঝোড়ো হাওয়াসহ শুরু হওয়া এ বৃষ্টি বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে ঢাকায় প্রবেশ করেছে। দিনের বেলায় রাজধানীসহ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে।

এর আগে সোমবার সকালে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে দেশের নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

এছাড়া বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল বাড়ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল এ সময়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.