মে মাসেই কর্মস্থল পাবেন নিবন্ধনের শিক্ষকরা

নিউজ ডেস্ক।।

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসায় শিক্ষক হতে আবেদন করা চাকুরিপ্রত্যাশীরা মে মাসের মধ্যেই কর্মস্থল পাবেন। শুক্রবার শেষ হতে যাওয়া এই গণনিয়োগের আবেদন থেকে ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ গণমাধ্যমে জানিয়েছেন, আবেদন শেষ হওয়ার পরই তথ্য যাচাই-বাছাই করে নিয়োগ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, ‘এবার আমরা আবেদনের সময় এক মাস দিয়েছি। আবেদনও জমা হয়েছে আশাতীত। আবেদন করতে গিয়ে তেমন কোন জটিলাতার মুখে পড়তে হয়নি। দুয়েকটি অভিযোগ ছিল, আমরা সেসব সমাধান করে দিয়েছি।’

এদিকে এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আবেদন শেষ হওয়ার পর তিনদিন সময় দেওয়া হবে টাকা পরিশোধের জন্য। এরপর আবেদনের সব কার্যক্রম সম্পন্ন হবে। চূড়ান্ত ফল ঘোষণা করা হবে মে মাসের যেকোনো সময়। যাতে নিয়োগ পাবে ৫৪ হাজার ৩০৪জন শিক্ষক। এরপর আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

গত ৩০ মার্চ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে অনলাইনে আবেদন আহ্বান করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ngirresult.teletalk.com.bd লিংকে প্রবেশ করে চাওয়া তথ্য দিতে হবে এবং প্রত্যেক আবেদনে ১০০ টাকা হারে ফি জমা দিতে হবে।

অনলাইনে দেওয়া আবেদন ও ফি জমা দেয়া সংক্রান্ত নিয়ম টেলিটকের ওয়েবসাইট ngi.teletalk.gov.bd ও এনটিআরসিএ-এর ওয়েবসাইটে ntrca.gov.bd স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি নমুনা টেলিটক ngi.teletalk.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০১৮ সালের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা যেসব প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি তারাও আবেদনের সুযোগ পাচ্ছেন। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী শিক্ষক যাদের নিবন্ধন সনদ রয়েছে তারাও আবেদন করতে পারছেন।

এদিকে গত ২৬ এপ্রিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের শিক্ষক পদের প্রার্থী হিসেবে আবেদনকারীদের আগামী ৬ মে নিবন্ধন সনদের স্ক্যান কপি পাঠাতে নির্দেশ দেয়া হয়ছে। নির্ধারিত ছকে প্রার্থীর রোল নম্বর, নাম, নিবন্ধন পরীক্ষায় পাসের সাল, ডিগ্রির নামসহ office@ntrca.gov.bd ও ntrca2005@yahoo.com সনদের স্ক্যান কপি পাঠাতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.