২ দিন গরমের পর হতে পারে কালবৈশাখী

অনলাইন ডেস্ক ।।

দেশের রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আরও অন্তত ৪৮ ঘন্টা এই তাপপ্রবাহ চলতে পারে। তবে এর পরের ৫ দিনের আবহাওয়ার অবস্থা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময় কালবৈশাখী হতে পারে। তখন বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, প্রায় সারাদেশেই তাপপ্রবাহ বয়ে গেলেও ঢাকায় অনুভূতিটা একটু বেশি। এর কারণ ৬টি। তা হচ্ছে, দিনের ব্যপ্তিকাল রাতের তুলনায় বড় হওয়ায় রাত তাপ বিকিরণ করে ধরণী ঠান্ডা করতে পারে না, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম, অতিমাত্রায় এসির ব্যবহার, গাড়ির কার্বন বা কালো ধোঁয়া, ঢাকার আশপাশের ইটভাটার কার্বন ও ঢাকাকেন্দ্রিক শিল্পপ্রতিষ্ঠানের নিঃসরিত দূষিত পদার্থ। সূর্য মানবসৃষ্ট কারণগুলোকে আরও প্রভাবিত করায় গরম তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে।

তিনি বলেন, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় অনেকটা রক্ষা। নইলে মানুষের অনেক ঘাম হতো। এতে পরিস্থিতি আরও খারাপ হতো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.