নিজস্ব প্রতিবেদক ।।
রাজধানীর খ্যাতনামা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দেবে রুদাবা রহমান। বিজ্ঞানের ছাত্রী রুদাবা গত বছর মাত্র তিন মাস ক্লাস করতে পেরেছিল। এ বছর এখন পর্যন্ত বিদ্যালয়ের দরজা খোলেনি। দশম শ্রেণির পাঠের বহু কিছুই বাকি রয়ে গেছে। রুদাবার মা রুবাবা রহমান জানালেন, স্কুল খোলা থাকলে যেমন ক্লাস হতো, তেমনি বিদ্যালয়েই অতিরিক্ত ক্লাস (কোচিং) হতো। এতে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের মতো কঠিন বিষয়গুলো তার মেয়ে আয়ত্ত করতে পারত। এখন করোনার কারণে না হচ্ছে ক্লাস, না পাঠানো যাচ্ছে কোচিং সেন্টারে। লকডাউনের কারণে প্রাইভেট টিউটররাও বাসায় আসতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। সব মিলিয়ে পড়াশোনা বন্ধই প্রায়।
রুদাবার মতো সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের ২৩ লাখ মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থী দিশেহারা। কবে নাগাদ স্কুল খোলা হবে, কবে থেকে পরীক্ষা শুরু হবে- এসব প্রশ্নের উত্তর পাচ্ছেন না শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ অবস্থায় গতকাল সোমবার দেশের শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছে সমকাল। তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের দিশেহারা হওয়ার কিছু নেই। যখনই বিদ্যালয় খুলে দেওয়া সম্ভব হবে, তার পর থেকে ৬০ কর্মদিবস ক্লাস নেওয়া হবে। এর পর আরও ১৫ দিন সময় দিয়ে তবেই এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে।
চেয়ারম্যানরা জানান, এরই মধ্যে এ বছরের পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ওই সিলেবাসের ওপরই এসএসসির প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ক্লাস না নিয়ে কোনোভাবেই পরীক্ষা নেওয়া হবে না। তাই দুশ্চিন্তার কিছু নেই। বিষয়বস্তু তাদের শিখিয়ে তবেই পরীক্ষা নেওয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমীরুল ইসলাম বলেন, সারাদেশে এবার প্রায় ২৩ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অবতীর্ণ হবে। এর মধ্যে ঢাকা বোর্ডের রয়েছে প্রায় পাঁচ লাখ। এখনও ফরম পূরণ চলছে। লকডাউনের কারণে সময়সীমা বাড়ানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২৩ মে স্কুল-কলেজ খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত বহাল আছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এর পর ৬০ কর্মদিবস পাঠদান শেষে মাধ্যমিক পরীক্ষা নিতে চায় সরকার। সব মিলিয়ে আগস্টের শেষে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর আগে বলেছিলেন, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা এবারের এসএসসি ও এইচএসসির একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছি। তা সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোও হয়েছে। বিদ্যালয় যখনই খোলা সম্ভব হবে, আমরা ওই সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে শেষ করে, আরও অন্তত দু’সপ্তাহ সময় দিয়ে তবেই পরীক্ষা নেব।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন বলেন, এসএসসির প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে সবকিছু। লকডাউনের আগে প্রশ্নপত্র প্রণয়নের কাজ রোস্টার করে বিজি প্রেসের সঙ্গে বোর্ডগুলো যোগাযোগ শুরু করেছে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোল্লা আমীর হোসেনও একই কথা বলেন। তিনি বিজ্ঞানের শিক্ষার্থীদের ঘরে বসেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেন। তিনি বলেন, পড়াশোনা চালিয়ে যেতে হবে। অনলাইন ক্লাসগুলো ঠিকভাবে করতে হবে।
পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডর চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তীও। শতভাগ প্রস্তুত রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা পরীক্ষা নিয়েই শিক্ষার্থীদের ফল দিতে চাই। সে লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্কুল খোলার পর ৬০ কর্মদিবস ক্লাস করিয়ে তাদের পরীক্ষা গ্রহণের কথা মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে। আমরা এখনও সেই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে আছি। লকডাউনের পর এ ব্যাপারে মন্ত্রীর সঙ্গে বোর্ডপ্রধানদের বৈঠকের কথা রয়েছে।’
গতবারের চেয়ে এবার এসএসসি ও এইচএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়বে বলে জানান অধ্যাপক প্রদীপ।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে যথাসময়ে আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সিলেট বোর্ডে এসএসসিতে আনুমানিক সোয়া লাখ এবং এইচএসসিতে ৮০ হাজারের মতো শিক্ষার্থী এ বছর পরীক্ষা দেবে বলে আশা করা হচ্ছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুস ছালাম জানান, এ বছর বোর্ডে এসএসসি পরীক্ষার্থী প্রায় দুই লাখ ৩৩ হাজার। পরীক্ষা যথাসময়ে নিতে বোর্ডের সব প্রস্তুতি রয়েছে।
এ বছর বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১১ হাজার ১০০ জন। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস বলেন, প্রশ্নপত্র তৈরি করা সম্পন্ন হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণের জন্য বোর্ড প্রস্তুত।সুত্র সমকাল
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
