৮ শর্তে মসজিদে ঈদের নামাজ

নিজস্ব প্রতিবেদক ।।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত ঈদগাহ বা খোলা মাঠে পড়া যাবে না। এর পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায়ের নির্দেশ দিয়েছে সরকার। দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদের নামাজ মসজিদে আদায়ের নির্দেশ, করা যাবে না কোলাকুলি, মেলানো যাবে না হাত

এ ছাড়া মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত শেষে কোলাকুলি করা যাবে না। এমনকি পরস্পর হাত মেলানো থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধও জানিয়েছে সরকার।

সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ সোমবার দুপুরে ঈদুল ফিতরের নামাজ আদায় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

মসজিদে ঈদের জামাত আদায়ের ক্ষেত্রে মানতে হবে যেসব শর্ত

# ঈদের নামাজের জামাত আদায়ের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। নামাজের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। তবে প্রত্যেক মুসল্লি নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে পারবেন।

# কোভিড-১৯ এর সংক্রমণ রোধের অংশ হিসেবে মসজিদে অজুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। এ ছাড়া মসজিদের প্রবেশপথেও হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান ও পানি রাখতে হবে।

# প্রত্যেক মুসল্লি নিজ নিজ বাসা থেকে অজু করে তার পর মসজিদে আসবেন। অজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে।

গত বছরও স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হয় ঈদের নামাজের জামাত

# প্রত্যেক মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে ঈদের নামাজের জামাতে আসতে হবে। মসজিদে যেসব জায়নামাজ ও টুপি সংরক্ষিত রয়েছে, সেগুলো ব্যবহার করা যাবে না।

# ঈদের নামাজের জামাত আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করতে হবে।

# শিশু, বয়োঃবৃদ্ধ, যেকোনো অসুস্থ ব্যক্তি এবং যারা অসুস্থদের সেবায় নিয়োজিত, তারা ঈদের নামাজের জামাতে অংশ নিতে পারবেন না।

# স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই প্রতিপালন করতে হবে, যাতে সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত হয়।

# করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে মসজিদে ঈদের জামাত শেষে কোলাকুলি করা যাবে না। একই সঙ্গে পরিহার করতে হবে পরস্পরের হাত মেলানো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.