নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার বিকেলে মামলাটি করা হয়।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গণী বাদি হয়ে মামলাটি করেন।
কোতোয়ালি মডেল থানায় দায়ের করা অভিযোগে সোহেল গণী উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যমে নুরুল হক নুরের ঘণ্টাখানেকের লাইভ ভিডিও প্রকাশ পায়। নুর ভিডিওটিতে বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এদের কোনো ইমান নেই।
অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা উল্লেখ করেন, নুর লাইভ ভিডিওতে মিথ্যা বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারাদেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, আইনশৃঙ্খলা অবমাননা, ঘৃণা, ক্ষোভ সৃষ্টিকারী ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে আওয়ামী লীগ ও সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
পুলিশ অভিযোগটি বৃহস্পতিবার বিকেলে মামলা হিসেবে নথিভুক্ত করেন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, নুরের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা গণী অভিযোগ দায়ের করেছেন। পরে সেটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
