অনলাইন ডেস্ক :
গ্রাহকদের জরুরী আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি পরিপালন করে আর্থিক প্রতিষ্ঠানের দুটি শাখা বেলা ২টা পর্যন্ত খোলা রাখার নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদানসহ জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে নির্দেশনাটি জারি করা হয়েছে। নির্দেশনাটি সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর নিকট পাঠানো হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নিদেশনায় বলা হয়েছে, গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহের সর্বোচ্চ দুটি শাখা (১টি ঢাকায় ও অপরটি ঢাকার বাহিরে) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।
নতুন নির্দেশনার ফলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার সময়ে সর্বাত্মক লকডাউনে আর্থিক প্রতিষ্ঠানের শাখা ৪ ঘণ্টা খোলা থাকবে। এর আগে ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আর্থিক প্রতিষ্ঠানগুলো সীমিত সময়ের জন্য তাদের ইচ্ছেমতো খোলা রেখেছিল।
নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো নিজ বিবেচনায় সম্পন্ন করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
