এবার রাজশাহীতে নুরের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক।।

এবার রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে। ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারেন না’- এমন বক্তব্যের প্রেক্ষিতে বুধবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

মামলার আর্জিতে তিনি বলেছেন, ভিপি নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করেছেন। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার উপক্রম হচ্ছে।

মামলার বাদী তৌরিদ আল মাসুদ রনি বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মনের হাতে এজাহারের কপি জমা দেন। এ সময় নগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বলেন, দ্রুতই মামলার নথিপত্র ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হবে। পাশাপাশি নুরকে গ্রেপ্তারের জন্য বিশেষজ্ঞ মতামতসহ তার গ্রামের ঠিকানায় যে থানার বাসিন্দা সে থানায় বার্তা পাঠানো হবে। বোয়ালিয়া থানা পুলিশও দ্রুত সময়ের মধ্যে নুরকে গ্রেপ্তারের চেষ্টা করবেন।

‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না’ বলে গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুর। এ ঘটনায় ঢাকাসহ কয়েকটি জেলায় নুরের বিরুদ্ধে মামলা হয়। এর পর নুর তার বক্তব্যের জন্য ক্ষমা চান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.