পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুকে আমরা পাবো না। তবে বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নেই। বঙ্গবন্ধুর আদর্শ আমরা ধরে রাখতে পারবো। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত ‘বঙ্গবন্ধু বইমেলা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বিভিন্ন বই নিয়ে চার দিনব্যাপী এ বইমেলার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উপকমিটি ডাকসু সাহিত্য মঞ্চ। সকালে ডাকসু সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বইমেলা উদ্বোধন করেন। মেলা আগামী শনিবার পর্যন্ত চলবে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বইমেলার মাধ্যমে আমরা জানতে পারবো, যে বঙ্গবন্ধু সারাটি জীবন এই দেশের মানুষের জন্য কষ্ট করেছেন, পাকিস্তানের ২৩ বছরের মধ্যে ১৩ বছর কারাবরণ করেছেন। ‘৫২ – এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৭১ – এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর যে ত্যাগ এবং বঙ্গবন্ধু যে নেতৃত্বের মাধ্যমে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, এসকল ইতিহাস আমরা জানতে পারবো।’
স্বাধীনতার ডাক দেওয়ার সাহস বঙ্গবন্ধু ছাড়া আর কারো ছিল না জানিয়ে তিনি বলেন, ‘হাজারো জিয়াউর রহমান, হাজারো মোশতাক এদের এমন কোনো সাহস ছিল না যারা বঙ্গবন্ধুর পর্যায়ে উঠে মানুষের সামনে, কামান-গুলির সামনে দাঁড়িয়ে স্বাধীনতার ডাক দিবে।’
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডাকসু’র জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ডাকসু’র এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া, ডাকসু’র সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, সদস্য রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, মাহমুদুল হাসান, রাইসা নাসের, সাবরিনা ইতি ও তিলোত্তমা শিকদার উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
