নিউজ ডেস্ক।।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী বিক্ষোভে মতিঝিল শাপলাচত্বরে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। তবে তিনি বর্তমানে নিরাপদেই আছেন বলে জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের একাধিক কেন্দ্রীয় নেতা।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মোদির আগমনের বিরোধিতা করে রাজধানীর মুক্তাঙ্গন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিলটি মতিঝিল এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ ফাঁকা গুলি, টিয়ারগ্যাস, রাবার বুলেট ছাড়ে। টিয়ারগ্যাসে আহত হন নুর।
ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, ‘নুর বর্তমানে আহত অবস্থায় মতিঝিল এলাকায় আছেন। তবে গুলি লেগেছে কি-না সেটা জানি না। তার সাথে আমাদের কিছু সহকর্মী আছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘নুরুল হক নুর গুলিবিদ্ধ হননি। টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন। এখন সুস্থ আছেন।’
তবে এ প্রসঙ্গে জানতে নুরুল হক নুরকে একাধিকবার মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
