অনলাইন ডেস্ক ||
অবশেষে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তৈরি করা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করবেন।
জানা গেছে, আজ প্রকাশিতব্য এই তালিকা পূর্ণাঙ্গ নয়। এরপর আরেক দফা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের। আজ বিকাল ৪টায় সরকারি পরিবহন পুল ভবনের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ (প্রথম পর্যায়) উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে মন্ত্রী ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারে (এমআইএস) যুক্ত হওয়াদের তালিকা প্রকাশ করবেন। এতে থাকবে প্রায় ১ লাখ ৪৮ হাজার প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের নাম। পাশাপাশি ১৮৬ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকাও প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবীদের তালিকার প্রথম পর্যায়ে শুধু বেসামরিক তালিকায় থাকা মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করা হবে না। উল্লেখ্য, বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত ৩৯ হাজার ২৪৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, এর মধ্যে ১ হাজার ৬৩১ জন বিভিন্ন বাহিনীর। জামুকার সুপারিশবিহীন যে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে, তাদের নামও প্রথম পর্যায়ের তালিকায় নেই।
প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু পুরো প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত নতুন তালিকা প্রকাশ স্থগিত করতে হয় সরকারকে। এখনো সেই যাচাই–বাছাই প্রক্রিয়া চলমান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
