অনলাইন ডেস্ক ||
তোপধ্বনি হচ্ছে প্রচলিত সামরিক সম্মান। এটা ঐতিহ্যগতভাবেই এসেছে। বাংলাদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দেশের সূর্যসন্তানদের সম্মান জানানো হয়। তবে কেন এই ৩১বার তোপধ্বনি, শিক্ষা বার্তার পাঠকদের জন্য তার বিস্তারিত তুলে ধরা হলো ঃ
বিশিষ্ট ব্যক্তিবর্গ বা বিশেষ দিবসকে তোপধ্বনির (কামান দাগা) মাধ্যমে সম্মান জানানো একটি প্রচলিত রীতি। ঐতিহাসিকভাবে এভাবে সম্মান জানানোর প্রথা অনুসরণ করে সামরিক বাহিনী। সামরিক অভিবাদনের এই প্রথাটি আন্তর্জাতিকভাবে প্রচলিত। এক্ষেত্রে সংখ্যার বিষয়টিও এসেছে ঐতিহাসিকভাবে। ব্যক্তি বা ক্ষেত্রবিশেষে তোপধ্বনির সংখ্যা কম-বেশি হয়ে থাকে। আমাদের দেশেও স্বাধীনতা এবং বিজয় দিবসে তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সামরিক অভিবাদন জানানো হয়। দু’টি দিনেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয়। আবার বাংলাদেশে অন্য কোনও দেশের রাষ্ট্র বা সরকারপ্রধান বা আন্তর্জাতিক বিশিষ্ট কোনও ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে ২১ বার তোপধ্বনি করা হয়। বিশ্বব্যাপী সামরিক সম্মান জানাতে ২১ বারই তোপধ্বনি করার বিষয়টি জানা যায়।
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, তোপধ্বনির মাধ্যমে সম্মান বা অভিবাদনের রীতি শুরু হয়েছিল চতুর্দশ শতকে। তখনকার সময়ে নৌবিদ্যায় পারদর্শীরাই পৃথিবীজুড়ে রাজত্ব করতো। সড়ক পথ কম থাকায় অধিকাংশ যুদ্ধই হতো নৌ-পথে। কোনও যুদ্ধজাহাজে গোলাবারুদ শেষ হয়ে গেলে রিলোড করার আগ পর্যন্ত সেটি অসহায় থাকত। এমন পরিস্থিতিতে জাহাজটি স্থলভাগের সৈনিকদের কামানের গোলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দিতো। তাই বিদেশের বন্দরে কোনও যুদ্ধজাহাজ প্রবেশ করলে এভাবেই তোপধ্বনি দিয়ে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেই সম্মান জানায়।
আবার ওই সময় কোনও জাহাজ যখন যুদ্ধের জন্য বন্দর ছেড়ে যেতো তখন স্থলভাগ ও জাহাজের ভেতর দুই স্থান মিলিয়ে মোট ২১ বার তোপধ্বনি দেওয়া হতো। পরবর্তীতে এই ২১ বারের তোপধ্বনির বিষয়টি একটি চুক্তির মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। যা বর্তমানে পুরো পৃথিবীতে প্রচলিত।
৩১ বার তোপধ্বনির কারণ খুঁজতে গিয়ে জানা যায়, বিশ্বের অন্যান্য দেশে ২১ বার তোপধ্বনি প্রচলন থাকলেও তৎকালীন ব্রিটিশ উপনিবেশিক দেশগুলো এই নিয়মে কিছুটা পরিবর্তন এনে ৩১ বার নির্ধারণ করে। বিষয়টি এমন যে, যখন কোনও যুদ্ধজাহাজ বন্দর বা ঘাঁটি ছেড়ে বের হয় তখন সেই জাহাজ থেকে ৭ বার তোপধ্বনি দেওয়া হয়। ঘাঁটিতে বা বন্দরে অর্থাৎ মাটিতে সৈনিকদের যে দল বা ব্যাটালিয়ন থাকে তারাও সেই তোপধ্বনির জবাবে ২১ বার তোপধ্বনি দিয়ে সম্মান জানায়। জাহাজ থেকে ৭ বার, মাটি থেকে ২১ বার মোট ২৮ বার তোপধ্বনি করার পর জাহাজ থেকে আরও তিনবার তোপধ্বনি করা হয়। সেই অতিরিক্ত তিনটি তোপধ্বনির একটা করা হয় ব্রিটিশ রাজা বা রাণীর সম্মানে, অন্যটা জাহাজের ক্যাপ্টেনের জন্য এবং শেষটা হচ্ছে ব্রিটিশ বাহিনীর রাজকীয় প্রতিনিধির জন্য।
তবে জাহাজ ছেড়ে যাওয়া কিংবা যুদ্ধের প্রেক্ষাপট ছাড়াও ব্রিটিশ ক্রাউন ভারতীয় উপমহাদেশে বিভিন্ন অঞ্চলের রাজা বা তার প্রতিনিধিদের শ্রদ্ধা জানাতে তোপধ্বনি প্রথা চালু হয়েছিল। ইতিহাস থেকে দেখা যায়- রাজা, নবাব বা জমিদারদের গুরুত্বভেদে এই তোপধ্বনি নির্ধারণ করা হতো। কোনও কোনও নবাব বা জমিদারের জন্য কোনও তোপধ্বনি বরাদ্দ ছিল না। একমাত্র বড়লাটই নির্বাচন করতেন কোন রাজার সম্মানে কতগুলো তোপ দাগা হবে। রাজ্যের সমৃদ্ধি, রাজরক্তের কৌলীন্য আর সর্বোপরি ব্রিটিশরাজের প্রতি তাদের আনুগত্যবোধ থেকে তোপধ্বনির সংখ্যা নির্ধারণ হতো। তিনিই তোপধ্বনির সংখ্যা বাড়াতে বা কমাতে পারতেন। যেমন, হায়দ্রাবাদ, কাশ্মির, গোয়ালিয়র, মহিশুর এবং বারোদার রাজার বরাদ্দ ছিল ২১ বার তোপধ্বনির সম্মান। এর ধারাবাহিকতায় কেউ পেত ১৯, কেউ ১৭, কেউ ১৫ কিংবা ৯টি তোপের আখ্যা। আবার কারও কারও ক্ষেত্রে কোনও তোপধ্বনি বরাদ্দই ছিলো না।
ইন্টারনেট ঘেঁটে দেখা যায়, তোপধ্বনি হচ্ছে প্রচলিত সামরিক সম্মান। এটা ঐতিহ্যগতভাবেই এসেছে। বাংলাদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দেশের সূর্যসন্তানদের সম্মান জানানো হয়। তবে, এই সম্মানের সঙ্গে তোপধ্বনির সংখ্যার সেই অর্থে কোনও সম্পর্ক নেই। কোথাও ৭ বার, কোথাও ২১ বার আবার ৩১ বারও এই তোপধ্বনি হয়। তবে, ৩১ বার তোপধ্বনির বিষয়টি ব্রিটিশ রেওয়াজ থেকে এসেছে।
শিক্ষাবার্তা/ আমিন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
