নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে শুধু এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কর্তৃপক্ষ।
চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা পেয়ে শুক্রবার সকাল থেকে ছাত্রাবাস ত্যাগ করতে থাকেন শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্নিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডসহ শিক্ষার্থীদের সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, র্যাগ ডে ও বর্ষ সমাপনী উৎসব পালন করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশাগত পরীক্ষা নেওয়াসহ কলেজে একাডেমিক কার্যক্রম অব্যাহত আছে। পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরীক্ষার্থী ছাড়াও অনেক শিক্ষার্থী ছাত্রাবাসগুলোতে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি।
করোনার সংক্রমণ বৃদ্ধিসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তাই শুধু এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর পরই পেশাগত পরীক্ষার্থীদেরও ছাত্রাবাস ত্যাগ করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
