ডায়াবেটিসের নতুন ওষুধ একবার ব্যবহারে চলবে ৭ দিন

নিউজ ডেস্ক।।

‘দৈনিক নয়, একবার ব্যবহার করলেই পরের ৭ দিন চলে যাবে’ ডায়াবেটিসের এমন ওষুধ ‘সিমাগ্লুটাইড’ বাজারে নিয়ে এসেছে ডেনমার্কের কোম্পানি নভো নরডিস্ক। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে করে বাংলাদেশের বাজারে ওষুধটি আনার ঘোষণা দিয়েছে নভো নরডিস্ক।

কোম্পানির পরিচালক ডা: মাহবুবুর রহমান বলেন, সিমাগ্লুটাইড ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে, তবে এটি ইনসুলিন নয়। এটি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে শরীরের ওজন কমাবে এবং একই সাথে হার্ট (হৃদযন্ত্র) ভালো রাখবে। এটি ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করাতে হবে। ইনজেকশনটি একবার দেয়া হলে পরের ৭ দিন একই রকমভাবে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করবে এবং এতে হাইপোগ্লাইসেমিয়া হবে না।

মাহবুবুর রহমান বলেন, ১০ হাজার মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল করে সিমাগ্লুটাইড আনা হয়েছে। ইনজেকশনটি লাল ও সবুজ এ ধরনের কলমে পাওয়া যাবে। একটি কলমে ছয়টি সুঁই থাকবে এবং ছয়বার ব্যবহার করা যাবে। চুলের চেয়ে সূক্ষ্ম সুঁই ব্যবহার করা হয়েছে, যাতে ইনজেকশনটি ব্যবহারকারী ব্যথা অনুভব না করেন। এটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। প্রশ্নের উত্তরে জানানো হয়, সিমাগ্লুটাইডের বাজার মূল্য ধরা হয়েছে ১৪ হাজার ২৫৯ টাকা। এটি কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিক্রি করা হবে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন এবং ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো: সায়েফ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নভোনরডিস্কের পরিচালক কামাল হোসেন পলক এবং পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার গাজী তাওহীদ আহমেদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.