নিউজ ডেস্ক।।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ছিল গতকাল। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কুইন্সটাউন থেকে বার্তা পাঠিয়েছেন।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গেই আছেন তামিম। সুদূর নিউজিল্যান্ড থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা সরবরাহকৃত একটি ভিডিও বার্তায় তামিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারাবিশ্বে পরিচিত হবে। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের সকল ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’
এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তামিম লেখেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। জাতির জনকের ত্যাগ হোক নতুন প্রজন্মের অনুপ্রেরণা।’
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যা-ই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সব সময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিল আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে রইল বিনম্র শ্রদ্ধা।’ গত সোমবারই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তৃতীয়বারের মতো সন্তানের বাবা হন সাকিব। দুই কন্যার পর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে আসে পুত্রসন্তান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
