বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করছেন পরীক্ষার্থীরা। সোমবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেন তারা।

কর্মসূচি থেকে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারনের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গে সমন্বয় করে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণের দাবি তাদের। এসময় তারা স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখে দাঁড়ান এবং মাস্ক পরে ছিলেন। এতে জনসমাগম এড়াতে মাত্র ৫০ জনের মত শিক্ষার্থীর সমন্বয়ে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার নতুন ঢেউ শুরু হয়েছে, নতুন স্ট্রেইনও দেশে শনাক্ত হয়েছে। এছাড়া এখন তরুণরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানান তারা। অনেক পরীক্ষার্থী অনেক দূর-দূরান্ত থেকে এসে পরীক্ষা দিবেন দিতে এতে যানবাহন ঝুঁকি নিয়ে আসতে হবে, বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ের হলও বন্ধ। এ অবস্থায় ৪১তম বিসিএস পিছিয়ে দেওয়া জরুরি। ভ্যাকসিন দিয়ে ও হল খুললে পরীক্ষা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে ৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা পেছানোর দাবিতে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গে সমন্বয় করে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণের দাবিতে রিট আবেদন করেছেন পরীক্ষার্থীরা। সবার ভ্যাকসিন নিশ্চিত করে এবং বিশ্ববিদ্যালয়ের হল খোলার পর এ পরীক্ষা নেয়ার দাবি তুলেছেন তারা। আজ-কালের মধ্যে রিটের রায় হতে পারে তারা জানিয়েছেন।

এর আগে রবিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তারা এ পরীক্ষা পেছানোর দাবি জানান। এসময় পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণে প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্রধানমন্ত্রী ও পিএসসি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, হঠাৎ সংক্রমণ বৃদ্ধিতে দেশের সরকারি বেশ কয়েকটি পরীক্ষা এবং প্রতিবেশী দেশ ভারতের মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ রাজ্য পাবলিক সার্ভিসের প্রিলি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তাই চলমান করােনা পরিস্থিতি মােকাবেলায় ভ্যাকসিন নিশ্চিত করে ৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার তারিখ পুনঃনির্ধারনে মাননীয় প্রধানমন্ত্রী ও পিসিএস মাননীয় চেয়ারম্যান মহােদয়ের হস্তক্ষেপ কামনা করছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.