৪ জুলাই করোনা মুক্তি উৎসব করতে চায় আমেরিকা

অনলাইন ডেস্ক ||

নিজ দেশকে করোনামুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী পহেলা মে’র মধ্যে প্রাপ্তবয়স্ক সব মার্কিনীকে টিকা প্রদানের ঘোষাণা দিয়েছেন। আসছে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে করোনামুক্তির উৎসব করতে চান তিনি।

সে উদ্দেশে একটি লক্ষ্যও ঠিক করে দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার পর করোনা নিয়ে প্রথম ভাষণে তিনি জানিয়ে দিলেন, ১ মে-র মধ্যে সব প্রাপ্তবয়স্ককে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করতে হবে। যদি এই সময়ের মধ্যে সব প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়, তা হলে স্বাধীনতা দিবসে করোনার বিরুদ্ধে বিজয়োৎসব পালন করবে আমেরিকা।

বাইডেন এখন আবার আমেরিকার মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চান। তিনি বলেন, সকলের সহযোগিতায় ১ মে-র মধ্যে যদি সব প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়া সম্ভব হয়, তা হলে ৪ জুলাই আপনারা পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনার বাড়ির লনে বসে স্বাধীনতার উৎসব করবেন। এটা শুধু দেশের স্বাধীনতা উৎসবই হবে না, করোনা-মুক্তি বা কোভিড-স্বাধীনতা উৎসবও হবে।

বাইডেনের পরিকল্পনা অনুযায়ী করোনা টিকাকেন্দ্রের সংখ্যা অনেক বাড়ানো হবে। দন্তচিকিৎসক ও পশুচিকিৎসদেরও করোনার টিকা দেওয়ার কাজে নিযুক্ত করা হবে। মোবাইল টিকা কেন্দ্রগুলি বিভিন্ন আবাসিক এলাকায় যাবে। বাইডেনের মতে, লড়াই এখনও শেষ হয়নি। তাই এখনই গা ছাড়া ভাব দেখালে চলবে না। আমেরিকার মানুষকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং হাত ধুতে হবে। তবেই ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে।

বাইডেনের এই ঘোষণা এমন একটা সময় এসেছে, যখন করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় পাঁচ লাখের বেশি মানুষ মারা গেছেন। এখন বয়স্ক ও যাদের অন্য রোগ আছে, তাদের টিকা দেওয়ার কাজ চলছে। দেশটির প্রধান ক্রীড়া প্রতিযোগিতাগুলি অধিকাংশই বাতিল করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.