নিউজ ডেস্ক।।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের খাতা ভিন্ন ধারা তথা স্কুলের শিক্ষকদের দিয়ে মূল্যায়নের সংসদীয় কমিটির সুপারিশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া।
শুক্রবার (১২ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি মুহম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোস্তফা আল মুজাহিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান, তালাবায়ে আরাবিয়ার সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল কাদির, মুহাম্মদ আব্দুর রহমান ও ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দাখিলের বাংলা, ইংরেজি ও গণিতের খাতা মূল্যায়নের জন্য মাদরাসা শিক্ষকরাই যথেষ্ট।
মাদরাসায় যারা এসব বিষয়ে পাঠদান করেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। সম্প্রতি খোঁড়া যুক্তি দিয়ে সংসদীয় কমিটি ভিন্ন ধারার শিক্ষক দিয়ে এই তিন বিষয়ের খাতা মূল্যায়নের সুপারিশ করে।
এই সুপারিশ মাদরাসা শিক্ষাকে তাচ্ছিল্য করা, একটি গোষ্ঠীর মাদরাসা শিক্ষার প্রতি বিষোদগারের বহিঃপ্রকাশ। অবিলম্বে এই সুপারিশ বাতিল করার দাবি জানান নেতারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
