বিনামূল্যে চোখের চিকিৎসা পাবে প্রান্তিক জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী সহজেই যাতে স্বাস্থ্য সেবা পায়, সেলক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। আজ (বৃহস্পতিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭০টি উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। করোনার টিকা নেয়ার পরেও সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিনামুল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন দীর্ঘদিন ধরে। এই ধারাবাহিকতায় এবার বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হলো দেশের ৭০টি উপজেলায়। ৭০টি কমিউনিটি ভিশন সেন্টার থেকে চোখ সুরক্ষায় বিভিন্ন সেবা পাবেন রোগীরা। গণভবন থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষ সুন্দর ও সুস্বাস্থ্য নিয়ে বাঁচলে দেশও এগিয়ে যাবে। দেশের প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্য সেবা পেয়ে নিজেদের সুরক্ষিত রাখতে পারে, সেজন্য নানা কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, করোনা বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদেরও বিভিন্নভাবে ক্ষতি করেছে। করোনার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে টিকা দেয়া হচ্ছে। এই কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি।

মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে দেশের মানুষকে উন্নত জীবন দেয়া মুজিব বর্ষের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.