তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হচ্ছে

অনলাইন ডেস্ক ||

পাল্টে ফেলা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের নাম। নতুন নাম ঠিক করা হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। বিষয়টা প্রায় চূড়ান্ত। নিয়মানুযায়ী, এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য প্রথমে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। সেখানে অনুমোদনের পর প্রস্তাবের সারসংক্ষেপ পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তার অনুমোদনের পর এটি কার্যকর করা হবে।

নাম পরিবর্তনের চলমান এই প্রক্রিয়াটির কথা নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) জাহানারা পারভীন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্য মন্ত্রণালয়ের কাজের পরিধি দিন দিন বাড়ছে। তাই নাম পরিবর্তনের বিষয়টি বেশ আগে থেকেই ভাবনায় ছিল। বর্তমানে যে কাজ হচ্ছে, নামের মধ্যে তা প্রতিফলিত হয় না। দেশে ইলেকট্রনিক গণমাধ্যমের যে বিকাশ হয়েছে তাতে এই সম্প্রচার মাধ্যমকে পরিচালনা করার বিশাল কর্মযজ্ঞ হাতে নিতে হয়েছে তথ্য মন্ত্রণালয়কে।

এসব কিছু বিবেচনা করে নতুন নাম ঠিক করা হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.