অনলাইন ডেস্ক ||
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ ৬টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ৫ জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী এবং একজন উপমন্ত্রী জরুরি সভায় বসবেন। এছাড়া দেশে করোনা টিকার ট্রায়াল পরিচালিত হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভার আহ্বান করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শনিবার (আজ) বিকাল ৩টায় মন্ত্রিপরিষদ কক্ষে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সভায় মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এবং আইজিকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। অতিরিক্ত আইজি (স্পেশাল ব্রাঞ্চ), ইউজিসি প্রতিনিধি ছাড়াও ৫ মহাপরিচালক এবং ৩ পদস্থ কর্মকর্তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
টিকার ট্রায়াল : দেশে করোনা টিকার ট্রায়াল পরিচালিত হবে কি না সে বিষয়ে গুরুত্বপূর্ণ সভার আহ্বান করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আঞ্জুমান আরা স্বাক্ষরিত এক নোটিশে এই সভার আহ্বান করা হয়েছে। এতে বলা হয়, শনিবার (আজ) দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে সভা অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সিএমএসডি (সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো) পরিচালক এবং আইসিডিডিআরবির (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র) দুজন জ্যেষ্ঠ বিজ্ঞানীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
