অনলাইন ডেস্ক ||
করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) নেয়ার ১২ দিন পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের করোনা শনাক্ত হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। অবশ্য বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন এ বিষয়ে একটি গণমাধ্যমকে জানান, অসুস্থবোধ করলে গত ১৮ ফেব্রুয়ারি করোনার নমুনা পরীক্ষার জন্য দেন ত্রাণ সচিব। পর দিন ১৯ ফেব্রুয়ারি জানতে পারেন তিনি করোনা পজেটিভ।
সেলিম হোসেন আরো জানান, রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে গত ৭ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিন নেন ত্রাণ সচিব। বর্তমানে তার সামান্য কাশি আছে, জ্বর নেই। তবে শরীরটা একটু দুর্বল।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট ভাইরোলজিস্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের শক্তিকালীন সময় ১৫ দিন। এর আগেই সম্ভবত সংক্রমিত হয়েছেন ওই সচিব। হয়তো বিষয়টি তিনি বুঝতে পারেননি এবং তার কোনো লক্ষণ প্রকাশ পায়নি।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ প্রায় একই ধরনের কথা বলেন।
তার মতে, করোনার টিকার একটি কার্যকর সময় আছে। অর্থাৎ এক সপ্তাহ পর থেকে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। তার মানে এই নয় যে, কেউ সংক্রমিত হবে না। আস্তে আস্তে অ্যান্টিবডি বৃদ্ধি পাবে এবং সুরক্ষা দেবে।
ভাইরাসটির শক্তিকালীন সময় ১৪ দিন উল্লেখ করে এই বিশেষজ্ঞ আরো বলেন, কোভিড-১৯ এর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলে দেখা যাবে ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রে আর সংক্রমণ হবে না। আলোচ্য ব্যক্তি তো দ্বিতীয় ডোজ এখনো নেননি। তাই তার সুরক্ষা হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
