অনলাইন ডেস্ক ||
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে জরুরি ভার্চ্যুয়াল বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সহ সংশ্লিষ্টরা।
শিক্ষামন্ত্রণালয় জানিয়েছে, দুপুরে শুরু হওয়া শিক্ষামন্ত্রীর নেতৃত্বে ওই বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান এবং অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ কলেজগুলোর অধ্যক্ষরা যুক্ত আছেন।
এর আগে বুধবার সকাল থেকেই অধিভুক্ত কলেজগুলোর চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিল দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সেসময় শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি তাদের দাবির পক্ষে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থী বলেছেন, ‘অবরোধ তুলে নেওয়ার আশ্বাস নয় তারা সিদ্ধান্ত জানার পর আবরোধ তুলে নিবেন’।
তাদের দাবি, যদি জরুরি সভায় কোন ইতিবাচক কোন সিদ্ধান্ত না আসে তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীরা বলছেন, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ এবং ফাইনাল শিক্ষাবর্ষের একটি পরীক্ষা বাকি রয়েছে। সেই পরীক্ষাগুলো যাতে নেওয়া হয়। এছাড়াও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চারটা পরীক্ষা রয়েছে তা যেন এখনই নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
একজন শিক্ষার্থী বলেন, ‘করোনার শুরু থেকে আবাসিক হল বন্ধ রয়েছে। মেস ভাড়া করে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করছি। কিন্তু হঠাৎ পরীক্ষা স্থগিত হলে তিন মাস পর্যন্ত আমাদের মেস ভাড়া করে থাকতে হবে। আমাদের সবার আর্থিক অবস্থা তো সমান না। এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি প্রশাসন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
