এইমাত্র পাওয়া

জালিয়াতির অভিযোগে জাবি ছাত্র ইউনিয়ন সভাপতিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতির দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ৪৪তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মিখা পেরেগুকে চিরতরে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশেষ পরীক্ষার জন্য করা আবেদনে বিভাগীয় সভাপতির স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতি সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে মিখা পেরেগুকে এ শাস্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৩(২)(ক) ধারা অনুযায়ী সিন্ডিকেটের তারিখ (১৮/১১/২০২০) থেকে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ও ছাত্র ইউনিয়নের রিকুইজিশন কাউন্সিলের অন্যতম শীর্ষ নেতা মিখা পেরেগুকে ফোন করে সাংবাদিক পরিচয় দেওয়ার পরই তিনি লাইন কেটে দেন। পরে ফোনটি বন্ধ করে ফেলেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, ছাত্র ইউনিয়ন কখনোই কোনো অনৈতিকতাকে আশ্রয় প্রশ্রয় দেয় না। তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা লজ্জার। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় সভায় আলোচনা করব। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে প্রয়োজনে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি নিশ্চিত করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.