নিউজ ডেস্ক।।
আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সালাম-বরকত-রফিক-জব্বারসহ নাম না জানা ভাষাশহীদদের।
একুশের প্রথম প্রহরে, অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্পণ করেছেন। করোনাভাইরাসের মহামারীর কারণে সশরীরে তারা উপস্থিত হতে পারেননি।
রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পার্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এসময় দুই সামরিক সচিব সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ১২টা ২০ মিনিটের দিকে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার প্রাঙ্গণ খুলে দেয়া হয়।
রাতে ধীরে ধীরে পুষ্পস্তবক অর্পণ কমে আসলেও ভোর রাতে ফের শহীদ মিনারমুখী মানুষের ঢল নামে। তবে করোনা পরিস্থিতিতে সংগঠনের পক্ষে ৫ জন ও ব্যক্তিগতভাবে ২ জনের বেশি মানুষকে একসাথে শহীদ মিনারের মূল বেদীতে উঠতে না দেয়ার নির্দেশনাটি যথাযথ পালন করতে দেখা যায়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
